Uncategorized

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

  প্রতিনিধি 13 November 2026 , 3:34:45 প্রিন্ট সংস্করণ

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

সময়ের সাথে ডেস্ক রিপোর্টাঃ

দেড় দশকেরও বেশি সময় রাজপথে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বিএনপির অনেক নেতাকর্মী। পুলিশের টিয়ারশেল, গায়েবি মামলা, কারাবরণের মধ্য দিয়ে কেটেছে তাদের ১৭ বছর। দল ক্ষমতায় এলেও এসব নেতাকর্মীর অধিকাংশই মূল্যায়িত হননি বলে অভিযোগ উঠেছে। অনেকের রয়েছে ক্ষোভ।

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের জায়গায় সুবিধাবাদী, হাইব্রিড রাজনীতিক ও সাবেক আমলাদের গুরুত্ব বাড়ছে বলেও অভিযোগ দলের বিভিন্ন পর্যায়ের নেতার। কেন্দ্র থেকে তৃণমূল- দলের বিভিন্ন পর্যায়ে এমন পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে হতাশা ও ক্ষোভ। কেউ কেউ দলীয় কর্মকাণ্ড ও সামাজিক অনুষ্ঠান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ রাজনৈতিকভাবে হয়ে পড়েছেন কোণঠাসা।

বিএনপির একাধিক নেতার মন্তব্য, দীর্ঘ আন্দোলনে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না হলে দলের ভেতরে অসন্তোষ আরও বাড়তে পারে।

কেন্দ্রীয় নেতাদের অনেকেই উপেক্ষিত

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির কর্মসূচি পালনের জায়গা যখন পাওয়া যেত না, তখন জাতীয় প্রেস ক্লাবে আবু নাসের রহমতউল্লাহ নিয়মিত কর্মসূচি পালন করতেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আওয়ামী লীগবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন।’

‘কিন্তু তাদের কেউ সংসদ সদস্য পদে মনোনয়ন পাননি, মন্ত্রিসভায় জায়গা পাননি, প্রধানমন্ত্রীর কার্যালয়েও তাদের ঠাঁই হয়নি। দলের স্থায়ী কমিটিতেও জায়গা হয়নি তাদের। তারা এখন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অধিকাংশ সময় তাদের ফোনেও পাওয়া যায় না’, বলেন ওই নেতা।

সাবেক ছাত্রদল নেতাদের প্রসঙ্গ তুলে ওই নেতা বলেন, ‘হাবিব উন নবী খান সোহেল গত ১৭ বছরের আন্দোলনে সর্বোচ্চসংখ্যক মামলার শিকার হয়েছেন। প্রায় ৫০০ মামলা মাথায় নিয়ে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন থেকে আন্দোলন করেছেন। এছাড়া আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বজলুল করিম চৌধুরী আবেদ ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণের মতো নেতাদেরও নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।’

রওনকুল ইসলাম শ্রাবণকে মনোনয়ন দিয়ে আবার বসিয়ে দেওয়ার প্রসঙ্গ আনেন তিনি। তার মতে, দলের প্রতি আনুগত্যশীল ও দীর্ঘদিন রাজপথে থাকা এসব নেতার অনেকে এখন কঠিন সময় পার করছেন। তাদের অনেককে দলীয় ও সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। কেউ কেউ নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদেরও এড়িয়ে চলছেন।

গোপালগঞ্জেও ত্যাগীদের উপেক্ষার অভিযোগ

কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়ার অভিযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে দীর্ঘদিন ধরে হাতেগোনা কয়েকটি পরিবার বিএনপির রাজনীতি ও দলীয় কার্যক্রম ধরে রেখেছে। তবে সেখানেও ত্যাগী নেতাকর্মীরা প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

চাঁদাবাজি ও যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি হাইব্রিড নেতাদের প্রভাব বাড়ায় ত্যাগীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলে দাবি স্থানীয় নেতাদের।

গোপালগঞ্জে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত পরিবারগুলোর মধ্যে প্রয়াত এম মনসুর আলীর পরিবারের নামও আলোচনায় রয়েছে। তার ছেলে গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা এম মাহবুব আলী সোহেল জাগো নিউজকে বলেন, ‘আওয়ামী লীগ কিংবা বিএনপি- রাজনৈতিক দলগুলোতে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন হয় না।’

তিনি বলেন, ‘দল ক্ষমতায় আসার পর তথাকথিত বিএনপি সাজাদের প্রাধান্য গোপালগঞ্জে। আপনারা জানেন, বঙ্গবন্ধুর বাড়ি যেহেতু এখানে, আওয়ামী লীগের আধিক্যই এখানে বেশি। আমরা মুষ্টিমেয় কয়েকজন বিএনপির রাজনীতি করি। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখনো দলের যারা ত্যাগী নেতা, তাদের সব জায়গায় এই অবস্থা।’

আপনারা জানেন, বঙ্গবন্ধুর বাড়ি যেহেতু এখানে, আওয়ামী লীগের আধিক্যই এখানে বেশি। আমরা মুষ্টিমেয় কয়েকজন বিএনপির রাজনীতি করি। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। এখনো দলের যারা ত্যাগী নেতা, তাদের সব জায়গায় এই অবস্থা।-মাহবুব আলী সোহেল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে মাহবুব আলী সোহেল বলেন, ‘যাদের দলের জন্য ত্যাগ রয়েছে এবং যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের মূল্যায়ন করা উচিত।’

তৃণমূলেও হতাশা

নওগাঁর বদলগাছী উপজেলার একটি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দীনও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষিত থাকার অভিযোগ করেছেন। তিনি জানান, বিএনপির রাজনীতি করতে গিয়ে তার বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ বছর নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন তিনি। দল ক্ষমতায় আসার পর মূল্যায়নের আশা করলেও হাইব্রিড নেতাদের কারণে এখন রাজনীতি থেকে ছিটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

রইচ উদ্দীনের ভাষ্য, সুবিধাভোগীদের কারণে ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত রয়ে গেছেন।

‘মূল্যায়ন না হওয়ার বিষয়টি সরলীকরণ ঠিক হবে না’

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হওয়ার অভিযোগের বিষয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাগো নিউজকে বলেন, ‘মূল্যায়ন কিংবা অবমূল্যায়নের বিষয়টি একভাবে দেখা ঠিক হবে না। কোথাও মূল্যায়ন হয়েছে, কোথাও এখনো অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘মূল্যায়ন কিংবা অবমূল্যায়ন কোনটা- এটা সরলীকরণ করা ঠিক হবে না। কোথাও কোথাও হয়েছে, কোথাও কোথাও আবার অপেক্ষায় আছে, এখন পর্যন্ত হয়নি। কিন্তু এটাকে সরলীকরণ করলে পরে বোধহয় অবিচার করা হবে।’

জাতীয় সমস্যাগুলো কিছুটা সমাধান হলে তিনি দলীয় বিষয়ে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। তখন দলের যেসব নেতাকর্মী পুরস্কার বা মূল্যায়ন পাওয়ার যোগ্য, তাদের বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন শুরু হতে পারে।-বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

আলাল বলেন, ‘সরকারপ্রধান ও দলীয় প্রধান তারেক রহমান উত্তরাধিকার সূত্রে জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ের নানা সমস্যা পেয়েছেন। দুর্নীতি, লুটপাট, তহবিলশূন্য ব্যাংক, অর্থনৈতিক খাতে লুটপাট এবং যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও পরিবেশগত অভিঘাতের ফলে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, সেগুলো মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।’

তিনি বলেন, ‘এসব সমস্যা সমাধানে সরকারপ্রধানকে বেশি সময় দিতে হচ্ছে। জাতীয় সমস্যাগুলো কিছুটা সমাধান হলে তিনি দলীয় বিষয়ে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। তখন দলের যেসব নেতাকর্মী পুরস্কার বা মূল্যায়ন পাওয়ার যোগ্য, তাদের বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন শুরু হতে পারে।’

‘সবকিছু হয়ে যাবে, এটা ঠিক নয়’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকারের বয়স এখনো এক বছর হয়নি। এই সময়ের মধ্যে সবকিছু হয়ে যাবে, এমনটা ভাবা ঠিক নয়।’

তিনি বলেন, ‘নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছে, জেল খেটেছে, নির্যাতন ভোগ করেছে। তারা অপেক্ষায় আছে মূল্যায়িত হওয়ার জন্য।’

‘ত্যাগীদের হতাশা থেকে ক্ষোভ সৃষ্টি হচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকে নিঃস্ব হয়ে যাওয়া নেতাকর্মীদের জন্য দল এখনো কিছু করতে পারেনি। পাশাপাশি সুবিধাবাদীদের দলে প্রবেশের বিষয়টিও ত্যাগীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপি সরকার গঠন করেছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে ছিলেন, নিঃস্ব হয়েছেন, তাদের জন্য আমরা কিছু করতে পারিনি। আবার কিছু সুবিধাবাদী ঢুকে পড়েছে। এটি ত্যাগীদের জন্য হতাশার।-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সরকার গঠন করেছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে ছিলেন, নিঃস্ব হয়েছেন, তাদের জন্য আমরা কিছু করতে পারিনি। আবার কিছু সুবিধাবাদী ঢুকে পড়েছে। এটি ত্যাগীদের জন্য হতাশার।’

তিনি বলেন, ‘এই হতাশা থেকে অনেকে দূরে সরে যাচ্ছেন এবং ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এর জন্য দলের নেতারাই দায়ী।’

নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এতে দল ও দেশ উপকৃত হবে।’

তবে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, দলীয় পদ-পদবি ও সরকারি দায়িত্বে তাদের অন্তর্ভুক্তি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কোনো মন্তব্য করেননি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ