জেলার সংবাদ

সাটুরিয়ার হত্যা মামলার আসামী চট্রগ্রামে আটক

  প্রতিনিধি 27 November 2026 , 2:04:22 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া থানা এলাকার গোলড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে একরামুল হক রবিন ( ৪৬) স্ত্রীকে হত্যার দায়ে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রায় দেড় যুগ ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন । দেশের বিভিন্ন স্থানে পরিচয় ও অবস্থান গোপন করে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার।অবশেষে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা-পুলিশের যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাতে তাকে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতার রবিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর সঙ্গে রবিনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রী ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন রবিন। একপর্যায়ে মিতুর পরিবার ১ লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে ৪ লাখ টাকা দাবি করা হয়।

দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা রফিকুল ইসলামকে খালাস দেওয়া হয়।

রায়ের পর থেকেই রবিন পলাতক ছিলেন। দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে এসআরবি ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ