প্রতিনিধি 12 October 2026 , 4:08:56 প্রিন্ট সংস্করণ
শিবালয় ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ৪ জন মৎস্য শিকারিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে শিবালয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্তর্গত যমুনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মৎস্য আহরণকারী ৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত ৪ জন মৎস্যজীবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ মনিরূল ইসলাম মনির, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা মৎস্য দপ্তর, শিবালয় উপজেলা নির্বাহী অফিস ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং পাটুরিয়া নৌ-থানা পুলিশের সদস্যগণ।











