ঘিওর ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন উপলক্ষে উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছেন । সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পয়লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিস এ সম্মেলনের আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। ফ্যামিলি কার্ডের জরিপ ও ডাটাবেজ তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়ে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. খালেক শিকদার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ইউপি সদস্য ও সাংবাদিকরা।
বক্তারা জানান, প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুফল পৌঁছে দিতে জরিপ থেকে চূড়ান্ত তালিকা প্রণয়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।