প্রতিনিধি 26 October 2026 , 7:06:16 প্রিন্ট সংস্করণ
ঘিওর ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে এ্ক ইউনিয়ন যুবদল নেতা হেরোইনসহ আটক করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ । ডিবি পুলিশের হাতে আটক যুবদল নেতা নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন । তার নাম আসিফ ইসলাম খান ( ৩৮ ) । সোমবার দুপুরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকায় তাঁর নিজ দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক হওয়া আসিফ ইসলাম খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নিত্যপণ্যের আড়ালে হেরোইনের কারবার করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফকে মাদকসহ হাতেনাতে ধরা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে যুবদল নেতার বিরুদ্ধে মাদকের অভিযোগে যুবদলের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘যুবদলের ব্যানারে থেকে কোন ধরনের অপকর্মের সুযোগ নেই। কোন ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

















