প্রতিনিধি 23 October 2026 , 10:13:06 প্রিন্ট সংস্করণ
বোদা (পঞ্চগড় ) সংবাদদাতাঃ পঞ্চগড় জেলার বোদা উপজেলার ‘ স্থানীয় সরকার এলজিইডির উপসহকারী ) প্রকৌশলীকে নগদ দেড় লক্ষ টাকাসহ আটক করে বোদা থানা পুলিশ ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম। বৃহস্পতিবার বিকেলে বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী কাগজপত্র দেখতে চাইলে মুহূর্তে ওই স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী। এ সময় ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই প্রকৌশলী। এতে সৃষ্টি হয় বাগবিতণ্ডা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে নগদ এক লাখ এবং তার পকেট থেকে আরও ৫০ হাজারসহ মোট দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। এর আগে টাকার পরিমাণ এবং নগদ এত টাকা সঙ্গে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে অসংলগ্ন কথা বলতে শোনা যায় তাকে। তবে টাকাগুলো তার নিজের এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে রেখেছিলেন উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন আকরাম। এদিকে, দায়িত্ব পালনকালে সঙ্গে এত নগদ টাকা পরিবহনের সুযোগ নেই জানিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজার রহমান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয়সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















